রংপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল ছিলেন বিদ্রোহের কবি, সাম্যের কবি, মানুষের কবি। তাই তো তিনি লিখে গেছেন, ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষায় শুধু জিপিএ-৫ পেলেই চলবে না। পাঠ্যপুস্তকের বাইরে নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। অর্জন করতে হবে শিক্ষা। তা বিলিয়ে দিতে হবে। এই শিক্ষা দেশ গঠনে কাজে লাগাতে হবে।
মন্ত্রী আসাদুজ্জামান নূর রংপুরে সংস্কৃতি ভবন নির্মাণের কথা উল্লেখ করে বলেন, রংপুর পাবলিক লাইব্রেরির পেছনের জায়গায় এই সংস্কৃতি ভবন নির্মাণ করা হবে।
রংপুরে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত পরিবেশন এবং স্বরলিপি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন রংপুর বিভাগের আটটি জেলার শিল্পকলা একাডেমীর শিল্পীরা। গতকাল প্রথম দিনে অংশ নেন রংপুর, গাইবান্ধা ও নীলফামারীর শিল্পীরা। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাবলিক লাইব্রেরি মাঠের পাশে টাউন হলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে একক ও দলীয় কবিতা আবৃত্তি, গান ও নাচ।
আজ দ্বিতীয় দিনে থাকছে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শিল্পীদের পরিবেশনা। আর কাল সোমবার অংশ নেবেন লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পীরা। তিন দিনের প্রতিদিনই থাকছে রংপুরের শিল্পীদের অংশগ্রহণ।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘রংপুরে নজরুল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরের সাহিত্যিক আনোয়ারুল ইসলাম।