নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে রংপুরে জাতীয় পার্টির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে দলের কাউন্সিল করার দায়িত্ব দেওয়া হলেও তা গত ১৫ মাসেও হয়নি। আর নেতা-কর্মীরাও অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।দলীয় সূত্র জানায়, জেলার আটটি উপজেলা, তিনটি পৌরসভাসহ মোট ১১টি কমিটি গঠন করার কথা থাকলেও এ যাব ৎ চারটি কমিটি গঠন সম্ভব হয়েছে।জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান, সদস্য-সচিব মোস্তাফিজার রহমান, আরেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফের মধ্যে দ্বন্দ্বের কারণে দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ।দলীয় সূত্র জানায়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রায় রংপুরে বিভিন্ন অনুষ্ঠানে যান। তাঁর আগমনকে কেন্দ্র করে কিছুদিনের জন্য ব্যস্ত হয়ে পড়েন নেতা-কর্মীরা। এরশাদ এলে শহরের আরকে রোডে দর্শনা মোড়ে তাঁর বাড়িতে নেতা-কর্মীদের ভিড় লেগে থাকে। এরশাদ ঢাকায় ফিরে গেলে তাঁদের সেই ব্যস্ততা আর উদ্দীপনা চোখে পড়ে না।সূত্র আরও জানায়, অভ্যন্তরীণ কোন্দলের কারণে গত বছরের ২২ এপ্রিল দলের কমিটি ভেঙে এরশাদের ছোট ভাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আছেন, যুগ্ম আহ্বায়ক ও এরশাদের ছোট ভাই মোজাম্মেল হোসেন, সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, সাবেক সাংসদ মশিউর রহমান, পৌর মেয়র এ কে এম আবদুর রউফ। কমিটির সদস্য-সচিব সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।অন্যদিকে দীর্ঘ সময়ে দলের কাউন্সিল না হওয়ায় গত ২৯ জুলাই দলীয় কার্যালয়ের কর্মীসভায় এরশাদ অসন্তোষ প্রকাশ করেন।জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর আহমেদ বলেন, তিন নেতার দ্বন্দ্বের কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশায় ভুগতে ভুগতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। সামনে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের মনোনয়ন নিয়েই ওই নেতাদের মধ্যে দ্বন্দ্ব বলে তিনি মন্তব্য করেন।যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান দলের স্থবিরতার কথা স্বীকার করে বলেন, আহ্বায়ক কমিটির সভা হয় না, এ কথা ঠিক। নেতাদের মধ্যে সুসম্পর্কে ভাটা পড়েছে। এ অবস্থার জন্য তিনি কমিটির সদস্য-সচিবকে দায়ী করেন।সদস্য-সচিব মোস্তাফিজার রহমান দাবি করেন, ‘নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবে আহ্বায়ক কমিটি হচ্ছে না। জেলায় দলের যতটুকু কাজ, তা আমিই করছি। ঢাকা থেকে দলের চেয়ারম্যান কিংবা অন্য কোনো নেতা এলেই সাবেক অনেক নেতাদের দেখা যায়।’আরেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফ নেতাদের দ্বন্দ্বের কারণে কর্মীদের মধ্যে হতাশার কথা স্বীকার করে বলেন, দলের চেয়ারম্যান এলেই নেতাদের ছুটাছুটি শুরু হয়।