রংপুরে তিন মাসে অপহূত ৭, লাশ মিলেছে চারজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে গত ১০ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিন মাসে সাত ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ১৩ এপ্রিল পর্যন্ত চারজনের লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের শিকার হওয়া ওই সাতজনের বিরুদ্ধেই হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁদের কারও কারও বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
নগরের ১৭ নম্বর ওয়র্ডের রামপুরা ভগি বালাপাড়া এলাকার ফারুক হোসেনের (২৮) লাশ ১৩ এপ্রিল নগরের ১২ নম্বর ওয়ার্ডের নজিরেরহাট এলাকার গোলেন্ড হিমাগারের পাশের একটি ধানখেত থেকে উদ্ধার হয়। এর ১৫ দিন আগে ফারুক হোসেন অপহূত হন।
গত ১১ মার্চ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বান্নিরহাট এলাকার একটি ইটভাটার পাশ থেকে নজরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। এর ১৫ দিন আগে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সুলতান মোড় এলাকা থেকে তাঁকে অপহরণ করে দুর্বৃত্তরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনকে গত ১৫ ফেব্রুয়ারি হাসপাতালের সামনের একটি চায়ের স্টল থেকে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। তাঁকে উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও হাসপাতালের কর্মচারী ইউনিয়ন সভা-সমাবেশ ও মানববন্ধন করেন। ২০ দিন পর বগুড়ার মোকামতলা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নগরের স্টেশন আলমনগর এলাকার টোকাই শাকিলকে অপহরণ করার ১০ দিন পর গত ২০ জানুয়ারি তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় নিসবেতগঞ্জ সেতুর পাশে।
নগরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিলানী ফুয়াদ ও একই ওয়ার্ড যুবদলের সদস্য রিপন গত ২৮ মার্চ শহরের আরকে রোড এলাকা থেকে অপহূত হন। গত ২০ ফেব্রুয়ারি স্টেশন এলাকা থেকে যুবলীগের কর্মী জাহিদ মাসুম (৩০) অপহূত হন। এখন পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।