রংপুরে চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা আবার ঘটেছে। নিহত চালকের নাম ফতেহ আলী (৩০)। তাঁর লাশ গতকাল সোমবার সদর উপজেলার ধর্মদাস গ্রামের ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিন মাসে জেলায় সাতজন অটোরিকশাচালক খুন হলেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের দাবিতে জেলা অটোরিকশা চালক-মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ মঙ্গলবার রংপুরে আধাবেলা অটোরিকশা ধমর্ঘট ডেকেছে। পুলিশ ও ফতেহ আলীর পরিবার সূত্র জানায়, শহরের আদর্শপাড়ার বাসায় গত রোববার বিকেলে খাওয়াদাওয়া করে অটোরিকশা নিয়ে ফতেহ আলী বেরিয়ে পড়েন। প্রতিদিন রাত ১০টা থেকে ১২টার মধ্যে বাড়ি ফিরলেও ওই রাতে ফেরেননি। গতকাল সকাল নয়টার দিকে সদর উপজেলার দর্শনা ইউনিয়নের ধর্মদাস গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ধানখেতে ফতেহ আলীর গলা কাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফতেহ আলীর স্ত্রী হনুফা বেগম কোতোয়ালি থানায় মামলা করেছেন। অটোরিকশা চালক-মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আলম প্রথম আলোকে বলেন, গত তিন মাসে রংপুরে সাতজন অটোরিকশাচালক খুন হয়েছেন। তাঁদের খুন করে অটোরিকশাগুলো ছিনতাই করা হয়েছে। পুলিশ ও অটোরিকশা মালিক-শ্রমিক সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি গঙ্গাচড়ার ভিন্নজগৎ এলাকায় নূর ইসলাম, ২ মার্চ সাতগাড়া মিস্ত্রিপাড়ায় দুলাল মিয়া, ১১ মার্চ পীরগাছার রথবাড়ি এলাকায় আবদুর রহিম, ২২ মার্চ শহরের মুলাটোল পাকারমাথা এলাকায় রুহুল ইসলাম, ২ এপ্রিল সদর উপজেলার কেরানীহাট এলাকায় শাহজাহান মিয়া ও ৩ মে কাউনিয়ায় মিজানুর রহমানকে খুন করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।চালকদের খুন করে অটোরিকশা ছিনতাইয়ের প্রতিবাদে এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে অটোরিকশা চালক-মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সম্প্রতি কয়েক দফা সমাবেশ হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, চালককে খুন করে আটোরিকশা ছিনতাই করা হচ্ছে। অটোরিকশায় ব্যবহূত ব্যাটারি ছিনতাইকারীদের মূল লক্ষ্য।