রংপুরে তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা
স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চেম্বার মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান হয়।
রংপুর চেম্বার গত বছর থেকে এ সম্মাননা দিচ্ছে। সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন মো. মোজাম্মেল হক, তারাপদ চন্দ্র বর্মণ ও মো. আবুল হোসেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও উত্তরীয় প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম, চেম্বারের সাবেক সভাপতি এ টি এম শাহনেওয়াজ, জ্যেষ্ঠ সহসভাপতি মোজতোবা হোসেন প্রমুখ।
মোছাদ্দেক হোসেন বলেন, রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতা থেকে নানা জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। তিনি সৎ, যোগ্য নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মাননা শেষে আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।