রংপুরে তিনজনের মৃত্যুদণ্ড
রংপুরে দিনমজুর আবু সিদ্দিক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ২২ বছর আগের এ হত্যাকাণ্ডের মামলার রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ফরহাদ হোসেন (৪২), নুর মোহাম্মদ (৪১) ও মো. আবদুল (৪৫)। একই সঙ্গে আবদুস সাত্তারকে (৭০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তাঁদের সবার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামে।
রায় ঘোষণার সময় চার আসামিই কাঠগড়ায় ছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম। তিনি জানান, পীরগাছার ছোট কল্যাণী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৩ সালের ২ অক্টোবর খুন হন আবু সিদ্দিক (৪০)।
এ ঘটনায় প্রথমে পীরগাছা থানায় অস্বাভাবিক হত্যা (ইউডি) মামলা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের ৬ এপ্রিল ফরহাদ হোসেন, নুর মোহাম্মদ, মো. আবদুল ও আবদুস সাত্তারসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করে পুলিশ।
এরপর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। ২০০৩ সালের ২৮ অক্টোবর সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।