রংপুরে তিস্তার ভাঙনরোধে এলাকাবাসী একজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন ঠেকাতে গ্রামবাসী ও শিক্ষার্থীরা নিজের উদ্যোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় ব্যক্তিরা নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে বালুর বস্তা কিনে তা নদীতে ফেলছে। ভাঙনের তীব্রতা ব্যাপক হওয়ায় এ প্রচেষ্টার সফলতার ব্যাপারে তারা শঙ্কিত। এরই মধ্যে এক সপ্তাহে ৫০টি পরিবারের প্রায় ৩০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।গতকাল শনিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক এলাকায় আধা কিলোমিটার এলাকাজুড়ে নদীর ভাঙন তীব্র হয়েছে। স্থানীয় লোকজন ও গজঘণ্টা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নদীর তীরে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে।এলাকাবাসী জানান, ভাঙনরোধে তাঁরা এ পর্যন্ত এক লাখ টাকা সংগ্রহ করেছেন। স্থানীয় বাসিন্দা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়েছেন। এরই মধ্যে ৭০ হাজার টাকার ৭০০টি বালুর বস্তা কেনা হয়েছে। গজঘণ্টা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদার রহমান বলেন, নদীর ভাঙনরোধে স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাত দিনে ৫০টি পরিবারের প্রায় ৩০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ১০ বছরের মধ্যে এই এলাকার বাসিন্দারা এ নিয়ে সাতবার নদীভাঙনের শিকার হলো।ক্ষতিগ্রস্ত নূরুজ্জামান বলেন, তাঁর একটি বাঁশঝাড়সহ ৭০ শতাংশ জমি নদীগর্ভে চলে গেছে। এখন বসতভিটাটুকুই তাঁর সম্বল। ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তার জানান, ১০ বছরে সাতবার তাঁর বসতঘর নদীগর্ভে চলে যায়। তিনি বলেন, ‘কোনো রকমে ধার-কর্জ করে দুটি ঘর তুলিয়া আছি। এবারও বুঝি তা চলি যায়।’ নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাউবোর একটি দল ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে, কিন্তু ভাঙনরোধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, সরকারিভাবে অনেক দেনদরবার করা হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত জনগণ নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। স্থানীয় স্কুলশিক্ষার্থীরা এতে সহায়তা করছে। তবে ভাঙনের তীব্রতা যে হারে বাড়ছে, তাতে শেষ রক্ষা হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, প্রতিবছরই অনেক পরিবার নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে। কয়েক বছর থেকে ভাঙনকবলিত এই এলাকায় সরকারিভাবে কোনো কাজ করা হয়নি।এ ব্যাপারে পাউবোর রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, তিস্তা নদীর ভাঙনরোধে এ বছর একটি পরিকল্পনা ঢাকায় পাঠানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।