বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রংপুরে দুই দিনব্যাপী উৎসবের শেষ দিনে গতকাল শনিবার প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে উৎসব আরও জমে ওঠে। উৎসবে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাউলশিল্পীরা একের পর এক সংগীত পরিবেশন করে রংপুরের দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করে।
গতকাল শেষ দিনে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ছিল উপচেপড়া দর্শক-শোতা। এখানে রংপুর ছাড়া আশপাশের জেলা থেকেও সংগীতপ্রিয় মানুষ ছুটে এসেছিলেন। বিকেল পাঁচটা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সমবেত বাউলসংগীত পরিবেশিত হয়। সেই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা বাউল গানে দুটি নৃত্য পরিবেশন করেন।
গতকাল সংগীত পরিবেশন করেন সিলেটের সূর্য লাল দাস, প্রদীপ মল্লিক; সুনামগঞ্জের বাউল শাহজাহান, আফরান মুবিন, বুশরা আকতার; হবিগঞ্জের শাহানা আকতার ও রংপুরের সুজিতা রায়। শিল্পীরা গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
সংগীত পরিবেশনের আগে শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ রংপুর কমিটির আহ্বায়ক বিপ্লব প্রসাদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।