রংপুরে দিনভর উত্তেজনা
বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে গতকাল রোববার রংপুরে বিএনপির বিবদমান দুটি পক্ষ পৃথক বিক্ষোভ ও সমাবেশ করেছে।এদিকে শহরের মোড়ে মোড়ে প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন থাকায় সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত শহরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে জেলা পরিষদ সুপার মার্কেট পর্যন্ত প্রায় ৩০০ গজের মধ্যে কোনো পক্ষকেই যেতে দেয়নি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে একজন সহকারী কমিশনার দায়িত্ব পালন করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে শহরের অনেক দোকানপাট গতকাল বন্ধ থাকতে দেখা যায়।গতকাল দুপুর ১২টায় শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয় থেকে দলের আহ্বায়ক মোজাফফর হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের জাহাজ কোম্পানি মোড়ে এলে পুলিশ বাধা দেয়। সেখানে তারা অবস্থান নিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশি বাধায় ফিরে গিয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান, রেজেকা সুলতানা, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান প্রমুখ।একই সময় অন্য একটি পক্ষ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শিরিন ভরসার নেতৃত্বে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের দিকে যেতে চাইলে সুপার মার্কেটের সামনে পুলিশ তাদের গতিরোধ করে। পরে তারা ফিরে গিয়ে শহরের কাচারি বাজারে সমাবেশ করে। যুগ্ম আহ্বায়ক শিরিন ভরসার সভাপতিত্বে ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলার সভাপতি এরশাদুল হক, আবু তাহের প্রমুখ।