রংপুরে দুই দিনব্যাপী উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল সাধক শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রংপুরে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করে।
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল বিকেলে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের পর উত্তরণ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’ গানটি পরিবেশিত হয়। এরপর ওই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ।
উদ্বোধনের পর জাতীয় উদ্যাপন পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পর্ষদ রংপুর কমিটির আহ্বায়ক বিপ্লব প্রসাদ।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আলোচনা করেন সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম, শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ জাতীয় কমিটির সদস্যসচিব হাসান আরিফ, উদ্যাপন পর্ষদ রংপুর কমিটির সদস্যসচিব রথীশ চন্দ্র ভৌমিক।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানের প্রথম দিনে গতকাল সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আসা শিল্পী কানন বালা সরকার, বিমান বালা বিশ্বাস, আরিফ রহমান, শাহনাজ বাবু, আবিদা রহমান, শান্তা রহমান ও নেত্রকোনার দিলবাহার খান।
শিল্পীরা একে একে ‘আমি বাংলা মায়ের ছেলে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গ্রামের নওজোয়ান’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘গাড়ি চলে না চলে না রে’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘কেমনে বলিব আমি’। এসব গানে মুগ্ধ হন দর্শক ও শ্রোতারা।
উৎসবে গান শুনতে সন্ধ্যার পর পাবলিক লাইব্রেরি মাঠে মানুষের ভিড় বাড়তে থাকে। একসময় পুরো মাঠ ভরে যায়। দর্শক-শ্রোতারা প্রাণভরে বাউলসংগীত উপভোগ করেন।
এদিকে অনুষ্ঠানকে ঘিরে পুরো মাঠে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
আজ শনিবার বিকেল পাঁচটা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে দ্বিতীয় দিনের মতো বাউলসংগীত পরিবেশিত হবে।