রংপুরে দুই দিনব্যাপী পথনাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ এ স্লোগান সামনে রেখে রংপুরে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে পথনাট্যোৎসব কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে।
বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করেন রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন। উদ্বোধনী পর্বে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য আবদুল মজিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মুরাদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি রথীশ চন্দ্র ভৌমিক, সারথি একাডেমির মোতাহার হোসেন, বিকন নাট্যকেন্দ্রের নাজমুল আলম, সারথি নাট্য সম্প্রদায়ের এস এম আরিফ-উজ্জামান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাবেয়া আক্তার। গতকাল সারথি নাট্য সম্প্রদায়, চেতনা নাট্যগোষ্ঠী ও সারথি একাডেমির তিনটি পথনাটক পরিবেশিত হয়।
আজ রোববার সন্ধ্যায় বিকন নাট্যকেন্দ্র, রংপুর পদাতিক নাট্যকেন্দ্র ও রংপুর থিয়েটাসহ চারটি নাট্যদলের চারটি পথনাটক মঞ্চায়ন হবে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে।