রংপুরে দুই বাসের সংঘর্ষ : আহত আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত যাত্রীদের মধ্যে ননী বালা (৫৫) নামের এক নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৪।

এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সায়মুন পরিবহন ও দিনাজপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গতকালই ১৩ জন নিহত হন। আহত হন ৪৯ জন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টার দিকে আহত ননী বালা মারা যান। বর্তমানে ৪৮ জন চিকিৎসাধীন। এঁদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন হাসপাতালের পরিচালক আ স ম বরকত উল্লাহ।
রংপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ননী বালা গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এসআই বলেন, গতকাল নিহত তিনজনের পরিচয় না পাওয়া যাওয়ায় লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে রাখা ছিল। তবে আজ সকালে পরিবারের লোকজন লাশটি তিনটি শনাক্ত করেন। নিহত ওই তিনজন হলেন নীলফামারীর কিশোরগঞ্জের আলেফউদ্দিন (৫০), রংপুরের তারাগঞ্জের চৌধুরীপাড়ার ছাবিরন্নেছা (৪৫) ও তাঁর মা রংপুরের কাউনিয়ার কাজীটারী এলাকার কছিরন্নেছা (৭০)। লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রংপুর হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।