রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল এলাকায় গতকাল মুখোমুখি সংঘ​ের্ষ দুটি বাস দুমড়ে-মুচড়ে যায় l ছবি: প্রথম আলো
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল এলাকায় গতকাল মুখোমুখি সংঘ​ের্ষ দুটি বাস দুমড়ে-মুচড়ে যায় l ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। উপজেলার ১৩ মাইল এলাকায় ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৯ জন। তাঁদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও দুজন নারী। গতকাল রাত নয়টা পর্যন্ত নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নীলফামারীর সৈয়দপুরের মোহাম্মদ আলী ওরফে কালা (৪৫), একই এলাকার আবদুল মতিন (৩২) ও বাবু (২৬), দুর্ঘটনাকবলিত তৃপ্তি পরিবহনের সহকারী দিনাজপুরের ভূষিরবন্দর এলাকার চন্দন রায় (২৫), নীলফামারীর কিশোরগঞ্জের লিটন মিয়া (২২), ডোমারের মিজানুর রহমান (৪০), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একাব্বর আলী (৬৩), সায়মুন পরিবহনের সহকারী রংপুরের গঙ্গাচড়া এলাকার আকুল আলী (২৬) এবং রংপুরের তারাগঞ্জের ওকড়াবাড়ি ফারুকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জান্নাতী খাতুন (২৭)। পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগঞ্জের ১৩ মাইল এলাকায় দিনাজপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাস এবং কুমিল্লা থেকে রংপুর হয়ে ঠাকুরগাঁওগামী সায়মুন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নয়জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসক দল গঠন করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। তিনি বলেন, দুটি বাসের আহত ৪৯ যাত্রীর মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র বলছে, ঠাকুরগাঁওগামী সায়মুন পরিবহনের সামনের একটি চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সৈয়দপুর ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। দুমড়ে-মুচড়ে যাওয়ায় বাস দুটির বিভিন্ন অংশ কেটে কয়েকজনের লাশ বের করতে হয়েছে।
তারাগঞ্জ থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী বলেন, ‘এ দুর্ঘটনার তদন্ত করতে ঢাকা থেকে হাইওয়ে পুলিশের ডিআইজি মহোদয় আসছেন। তিনি এলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে গিয়ে দেখা যায়, হতাহত ব্যক্তিদের পরিবার ও নিকটাত্মীয়দের ভিড়। তাঁদের আর্তচিৎকার আর কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত একজনের স্বজন নীলফামারীর সৈয়দপুর এলাকার মজিদুল ইসলাম বলেন, কাজের সন্ধানে বগুড়া যাওয়ার জন্য তাঁরা কয়েকজন দল বেঁধে সৈয়দপুর থেকে বগুড়া যাচ্ছিলেন।
লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক একাব্বর আলীর নিহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তাঁর স্ত্রী ও মেয়ে। তাঁরা দুজন গলা ধরে কান্নায় ভেঙে পড়েন। একাব্বর আলীর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘সকাল ১০টায় ওমার (স্বামী) সাথে কথা হইল। এর মধ্যে ওমরা মরি গেল। তরতজা মানুষটা এমন করি মরি যাবার পারে?’ আহাজারি করতে করতে নেতিয়ে পড়েন তিনি।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, নিহত ব্যক্তিদের লাশ বাড়ি নিয়ে যেতে প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার ও তারাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর আহত ব্যক্তিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রত্যেককে দুই হাজার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।