রংপুরে দুই স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
রংপুরের মিঠাপুকুরে দুই স্ত্রীকে কুপিয়ে হত্যার মামলায় ইলিয়াছ আলী (৫৪) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রংপুরের জেলা ও দায়রা জজ হুমায়ুন কবীর এ আদেশ দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বিবরণ থেকে জানান, মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী গ্রামে ইলিয়াছ আলী পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ছোট স্ত্রী মাকসুদা বেগমকে শুয়ে থাকা অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনা দেখে তাঁর বড় স্ত্রী মোমেনা বেগম চিৎকার করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাঁকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনার পর গ্রামবাসী ইলিয়াছকে আটক করে মিঠাপুকুর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ দুই গৃহবধূ মোমেনা ও মাকসুদার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরে ২০ জুলাই মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী ২০১৪ সালের ১৮ ডিসেম্বর ইলিয়াছ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।