রংপুরে দুটি মোটর শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি ধাওয়া
রংপর শহরে গতকাল মঙ্গলবার আওয়ামী মোটরচালক লীগের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী মোটরচালক লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়ের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের গুপ্তপাড়া এলাকার কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের জন্য যাচ্ছিলেন। মিছিলটি শহরে সালেক পাম্পের কাছে এলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা মিছিলে বাধা দিয়ে ব্যানার কেড়ে নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল ছোড়া হয়। এতে উভয় পক্ষের আটজন শ্রমিক আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশি প্রহরায় আওয়ামী মোটরচালক লীগ পুনরায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এখানে বক্তব্য দেন জেলা ও মহানগর কমিটির সভাপতি যথাক্রমে রাজু মিয়া ও নজরুল ইসলাম প্রমুখ।
মোটরচালক লীগের নেতারা অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর রাতে আওয়ামী মোটরচালক লীগের মহানগর শাখার সম্পাদক অনীল চন্দ্র রায়ের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আহত হয়ে তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা ওই হামলা চালান। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, এ ঘটনার সঙ্গে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ জড়িত নন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।