রংপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক শাহীন আলম (৩০) গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে দুই দফা জানাজার পর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রদল গতকাল দুপুরে নগরে বিক্ষোভ মিছিল করেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহীন নগরের মেডিকেল পূর্বগেটের বাড়ি থেকে গ্র্যান্ড মোড়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলে যাওয়ার সময় নগরের শিমুলবাগ এলাকায় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিহত শাহীন আলমের স্ত্রী রিপা বেগম কয়েক দিন ধরে তাঁর স্বামীকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, এখনো কোনো মামলা হয়নি। শাহীন ২০১১ সালে রংপুর মেডিকেলে সহিংস ঘটনায় জাতীয় পার্টির সাংসদ আসিফ শাহরিয়ারের হামলা মামলার আসামি।

পার্বতীপুরে সংঘর্ষে একজন নিহত

আমাদের পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে দিনাজপুরের পার্বতীপুরে জহুরুল হক (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।