রংপুরে দেড় বছরে পাঁচটি ট্রেন বন্ধ
রংপুরের ওপর দিয়ে চলাচলকারী পাঁচটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার দেড় বছরেও চালু হয়নি। বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে ফের আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন। ইতিমধ্যে তারা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে।রংপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ট্রেনের চালক ও প্রয়োজনীয় লোকবল না থাকায় রংপুর রেলওয়ে স্টেশন হয়ে চলাচলকারী পাঁচটি ট্রেন দেড় বছর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনগুলো হলো: রামসাগর এক্সপ্রেস, ফাস্ট পেজেঞ্জার, বুড়িমারী এক্সপ্রেস ও লালমনিরহাট থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী দুটি ট্রেন। এর আগে চারদলীয় জোট সরকারের আমলে আন্তনগর ‘তিস্তা’ ও ‘একতা’ এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করে দেওয়ার পর আর চালু হয়নি।সাধারণত এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ এসব ট্রেন ব্যবহার করত। ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় লোকজনদের বাসে অনেক পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে অতিরিক্ত টাকা ও সময় ব্যয় করতে হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। বন্ধ ট্রেনগুলো চালু না হওয়ায় রংপুরের সঙ্গে কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুর জেলার অনেক এলাকায় যাতায়াতে লোকজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে।সূত্র আরও জানায়, রংপুর স্টেশন হয়ে চলাচলকারী ট্রেনসংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে রংপুর হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী চারটি ট্রেন হলো: লালমনিরহাট থেকে দিনাজপুরের বিরল পর্যন্ত কমিউটার ট্রেন, পার্বতীপুর থেকে বুড়িমারী পর্যন্ত কমিউটার ট্রেন, পার্বতীপুর থেকে কুড়িগ্রামের রমনা বাজার পর্যন্ত চলাচলকারী ট্রেন ‘রমনা’ ও দিনাজপুর থেকে সান্তাহার পর্যন্ত চলাচলকারী ট্রেন ‘দোলনচাপা’।কুড়িগ্রামের উলিপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা আকলিমা বেগম বলেন, ‘বাসোত চড়লে বমি হয়। তাই ট্রেনেই ভালো। কিন্তু এলা ট্রেন না থাকায় খুব কষ্ট হইছে।’ গত শনিবার সকালে লালমনিরহাটের আঞ্জুআরা বেগম রংপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘আগোত দিনে-রাইতে অনেক ট্রেন আছলো। এলা মাত্র একটা। সেই ট্রেনটা ধইরবার জন্যে দুই ঘণ্টা ধরি স্টেশনোত বসি আছি।’ একই ধরনের কথা জানালেন আরও অনেক ভুক্তভোগী।রংপুরে বন্ধ ট্রেন চালুর দাবি জানিয়ে ইতিমধ্যে কয়েকটি সামাজিক ও নাগরিক সংগঠন নতুন করে আন্দোলন শুরু করেছেন। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে গত মাসে স্টেশন ও আশপাশ এলাকায় কয়েকটি পথসভা করেছে। সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘বন্ধ ট্রেন চালুর জন্য শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছে। সংগঠনের আহ্বায়ক এস এম পিয়াল বলেন, ‘আশাপাশের জেলাগুলোর সঙ্গে যোগাযোগের জন্য বন্ধ ট্রেন চালুর কোনো বিকল্প নেই।’দোকানমালিক সমিতি রংপুর শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ‘বন্ধ ট্রেন চালুর দাবিতে আমরা গত মাসে একাধিক সভা করেছি। চলতি মাসে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’রংপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সোহরাওয়ার্দী বলেন, ‘একসময়ের জমজমাট এই স্টেশনে এখন যেন মরা মরা ভাব।’ স্টেশনের তত্ত্বাবধায়ক মোজামেঞ্চল হক জানান, চালক ও লোকবলের অভাবে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো চালু করা সম্ভব হচ্ছে না।