রংপুরে ধানের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় দিন দিন ধানের বাজার নিম্নমুখী হচ্ছে। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় ধানের দাম কমছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
কৃষকেরা জানান, বর্তমানে তারাগঞ্জ ও বদরগঞ্জের বিভিন্ন হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) ধান বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৫৫ টাকায়। আগে এক মণ ধানের দাম ছিল ৭০০ থেকে ৭২০ টাকা। প্রতি মণ ধানের দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা।
কৃষকেরা জানান, এ দুই উপজেলার প্রধান ফসল ধান। অবরোধের আগে প্রতি মণ ধান বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭২০ টাকায়। এখন বোরো মৌসুম চলছে। ধান বিক্রি করে কৃষককে আবাদে জোগান দিতে হবে। তা ছাড়া বছরের শুরুতে ছেলেমেয়েদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ সংসারের যাবতীয় ব্যয় কৃষকেরা জোগাড় করেন ধান বিক্রি করেই। তাই এ সময়ে ধানের দাম পড়ে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
কৃষকদের অভিযোগ, দেশ অবরোধের কবলে পড়ায় ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা নিজেরাই বাজারে দাম নির্ধারণ করে ধান কিনছেন। বাইরের কোনো ব্যবসায়ী ধান কিনতে আসতে পারছেন না। এ কারণে ধানের বাজার ক্রমেই নিম্নমুখী হচ্ছে।
তারাগঞ্জের ধান ব্যবসায়ী হরিপদ রায় বলেন, অবরোধের কারণে যানবাহন চলছে না। ব্যাংকগুলো চাহিদামতো টাকাও দিতে পারছে না। ধান কিনে তা কোথাও বিক্রির জন্য পাঠানো যাচ্ছে না। বাজারে ক্রেতা কম। তাই ধানের দাম কমছে।
তারাগঞ্জের ফকিরপাড়া গ্রামের কৃষক রহমান বলেন, ‘কয়দিন আগোত এক মণ ধান বেচাইনো (বিক্রি করেছি) ৫০০ টাকা। অ্যালা (এখন) সেই ধান ৪৫০ টাকা। কেষকের শান্তি নাই।’
বদরগঞ্জের রাধানগর এলাকার কৃষক হারুন অর রশিদ ও পাইকারপাড়া গ্রামের কৃষক ইদ্রিস আলী জানান, কোনো আন্দোলন হলে গাড়ি বন্ধ হয়। সাধারণ মানুষ মরে। কৃষকের আবাদ ক্ষতিগ্রস্ত হয়। তবে ভিন্ন কথা বলেছেন দামোদরপুরের কৃষক রহমত আলী। তাঁর অভিযোগ, ‘কম দামোত ধান কিনি ব্যবসায়ীরা থোওচে (রাখছে)। অবরোধ খুললে তাঁরা বেশি দামোত বেচাইবে। ওমার বেশি লাব, হামার বেশি ক্ষতি।’