রংপুরে নগরজুড়ে গাড়ি পার্কিং, ভোগান্তি
রংপুর নগরে প্রধান সড়ক প্রশস্তকরণের কাজে ধীরগতি ও সড়কজুড়ে গাড়ি পার্কিংয়ের কারণে নাগরিকদের ভোগান্তি চরমে উঠেছে। এদিকে মেডিকেল মোড় থেকে শহরের ভেতর দিয়ে পায়রা চত্বর পর্যন্ত তিন কিলোমিটারে চার লেনের কাজ তিন মাস আগে শেষ হলেও জনগণ এর সুফল পাচ্ছেন না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১২৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নগরের ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ ২০১০ সালের জুনে শুরু হয়। ২০১২ সালের জুনে কাজ শেষ হওয়ায় কথা। তিন দফা সময় বাড়ানোর পরও চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু গত চার বছরে কাজ হয়েছে ৬০ শতাংশ।
সরেজমিনে দেখা গেছে, নগরের ব্যস্ততম এলাকা শাপলা মোড় থেকে লালবাগ ও পায়রা চত্বর পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে স্থাপনা সরানোর কাজ চলছে খুবই ধীরগতিতে। সড়কের দুই পাশজুড়ে রয়েছে গাড়ি পার্কিং। ফলে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ধাপ এলাকার সড়ক ও জনপথ অফিসের সামনের প্রধান সড়কের মধ্যে কার-মাইক্রোবাস সারি করে রাখা হয়। এগুলো ভাড়ার বিনিময়ে চলে।
মেডিকেল মোড় থেকে ধাপ এলাকার পপুলার ডায়াগনস্টিক ভবন পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে গাড়ি পার্কিং আরও বেড়ে গেছে। এলাকার ওষুধের দোকানের সামনে সার্বক্ষণিক মোটরসাইকেল পার্কিং রয়েছে। বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্রগুলোর সামনেও সড়কের পাশে রয়েছে গাড়ি পার্কিং।
শহরের নূরপুর এলাকার ব্যবসায়ী আলী আজম বলেন, সড়ক প্রশস্তকরণে লাভ হয়েছে গাড়ি পার্কিং করা লোকজনের। কলেজ রোডের একজন গৃহিণী নূরুন নাহার বলেন, গাড়ি পার্কিংয়ের ফলে রাস্তার পাশ দিয়েও হাঁটাচলা করা যায় না। মাইক্রোবাস চালক ওয়ালিউর রহমান বলেন, পার্কিংয়ের কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের পাশেই পার্কিং করতে হচ্ছে।
জেলা পরিষদ বিপণিবিতানের সামনের মোড় থেকে পায়রা চত্বর পর্যন্ত ও বেতপট্টি হয়ে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রধান ব্যবসা কেন্দ্র এলাকায়ও সড়কের মধ্যেই চলছে গাড়ি পার্কিং। রংপুর শিল্প ও বণিক সমিতির সামনে কোনো পার্কিংয়ের ব্যবস্থা না রাখায় নাগরিকদের দুর্ভোগ কমছে না। শহরের পায়রা চত্বর থেকে শাপলা মোড় হয়ে লালবাগ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশের কিছু ভবন ও দোকানপাট ভাঙার কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর ফলে সড়ক হয়ে উঠেছে সংকুচিত।
এ ব্যাপারে মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন বলেন, পুরো শহরে কোথাও কোনো পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় লোকজন বাধ্য হয়ে সড়কের মধ্যে গাড়ি পার্কিং করছেন।
সামাজিক সংগঠন রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, রাস্তার মধ্যে এলোপাতাড়ি মোটরসাইকেল, রিকশা, কার-মাইক্রোবাস রাখা হয়। কোনো ভবনমালিকের ভবনের সামনে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। নাগরিকদের দুর্ভোগ দূর করতে তিনি অবিলম্বে সিটি করপোরেশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, বিল্ডিং কোড অনুযায়ী সড়ক থেকে পাঁচ ফুট দূরে ভবন নির্মাণ করার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। এর ফলে যানবাহন চলাচলের সড়কেই গাড়ি পার্কিং করা হয়। মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, সবাই একটু সচেতন হলে নাগরিকদের দুর্ভোগ অনেকটা কমবে।