রংপুরে নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মহানগরের পানবাজার এলাকায় ঘাঘট নদে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।


এরা হলো মহানগরের সিও বাজারের বড় মসজিদ এলাকার মনিরুল ইসলামের ছেলে রাফি (১২) ও একই এলাকার মফিজুল ইসলামের ছেলে রূপম (১২)। তারা দুজনই রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম।

স্থানীয় লোকজন জানান, বিকেলে রাব্বি ও রূপম বাইসাইকেলে করে ঘুরতে বাসা থেকে বের হয়। তীব্র গরমের কারণে তারা ঘাঘট নদে গোসল করতে নামে। একপর্যায়ে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। ডুবুরিরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই কিশোর নদে ডুবে যায়। সন্ধ্যা ছয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।