রংপুরে নদের বালু দিয়ে পুকুর ভরাট
রংপুর সদর উপজেলার সদ্দপুস্করণী ইউনিয়নের ফতেপুর এলাকায় পাকা সড়কের ধারে বিপণিবিতান নির্মাণ করার জন্য একটি পুকুর ভরাট করা হচ্ছে। দীর্ঘ পাইপ লাগিয়ে ও শ্যালো মেশিন বসিয়ে পাশের ঘাঘট নদ থেকে এই বালু তুলে আনা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের ছেলে মানিক মিয়া এই কাজটি করছেন। প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে পারেন না। ভুরারঘাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘এভাবে বালু তুলতে তুলতে নদীর তল খায়া যায়। অনেক স্থানোত ভাঙনও দেখা দিছে।’ একই এলাকার ব্যবসায়ী আবদুল জলিল বলেন, ‘কায় শোনে কার কথা। দেশোত কি কোনো নিয়ম-কানুন আছে।’ শমসের আলী বলেন, ‘এভাবে বালু তুলতে তুলতে এক সময় এর আশপাশ এলাকার অনেক জমি ভাঙি যাইবে।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুলশিক্ষক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা নিয়ে ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। ওরা অনেক প্রভাবশালী হওয়ায় এতে কোনো কাজ হয়নি। সদ্দপুস্করণী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রউফ বলেন, এভাবে বালু উত্তোলন করার কোনো নিয়ম নেই। বিষয়টি তাঁদের জানানো হয়েছে। কিন্তু তাঁরা শোনেননি। এ প্রসঙ্গে বালু উত্তোলনকারী মানিক মিয়া বলেন, ‘কত মানুষ কত কিছুই না করছে। আমরা না হয় একটু বালু তুলছি। এতে কী আর ক্ষতি হবে।’সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। কোনো অভিযোগও পাননি। এখন জানার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।সদর ইউএনও মোস্তাইন বিল্লাহ বলেন, এভাবে নদ থেকে বালু উত্তোলন করা অবৈধ। বিষয়টি তাঁর জানা নেই বলে অভিযান চালাতে পারছেন না।