রংপুরে নাগরিক সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পটি সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে (এলজিইডি) স্থানান্তরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার নগরের পাবলিক লাইব্রেরি মাঠে নাগরিক সমাবেশ আহ্বান করা হয়েছে। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা গত সোমবার সংবাদ সম্মেলনে এ সমাবেশের ডাক দেন।সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, রংপুর পৌরসভার তত্ত্বাবধানে গত বছরের ফেব্রুয়ারি মাসে ২৩ কোটি টাকা ব্যয়ে শ্যামাসুন্দরী খালের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে নয় কোটি ৯৫ লাখ টাকা তহবিল ছাড় দেওয়া হয়। ইতিমধ্যে ছয় কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এরপর সিটি করপোরেশন নির্বাচন হওয়ায় ২০ ডিসেম্বর থেকে কাজ আপাতত বন্ধ রয়েছে। এরই মধ্যে হঠাৎ করে গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খানের নির্দেশে উন্নয়ন প্রকল্পের সব কাগজপত্রসহ তিন কোটি ১০ লাখ টাকা এলজিইডিতে হস্তান্তর করা হয়।নবনির্বাচিত মেয়র সরফুদ্দীন আহমেদ জানান, সচিব অন্যায়ভাবে এই প্রকল্পটি এলজিইডিতে হস্তান্তর করেন। সচিবের ভাই এই প্রকল্পের অন্যতম একজন ঠিকাদার, তাঁকে সুযোগ পাইয়ে দিতে তিনি এ কাজ করেছেন। এর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সচিব আবু আলম মো. শহিদ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সিদ্ধান্তটি দুই মাস আগের। উন্নয়নকাজ যাতে ব্যাহত না হয়, এ জন্যই প্রকল্পটি এলজিইডিতে হস্তান্তর করা হয়েছে।’