রংপুরে নারী কমিউনিটি পুলিশিং ফোরামের যাত্রা শুরু

রংপুরে নারী কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম শুরু হয়েছে। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তনে গতকাল সোমবার এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক। সমাবেশে সভাপতিত্ব করেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, নারী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোক্তা ও জেলার সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহসভাপতি খন্দকার ফখরুল আনাম, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সমন্বয়কারী সুশান্ত ভৌমিক, পায়রাবন্দ ইউনিয়ন নারী কমিউনিটি পুলিশিং ফোরাম নতুন কমিটির সভাপতি হোসনে আরা বেগম, সাধারণ সম্পাদক সুর্জিনা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দ থেকে আবার নতুন করে নারীরা জেগে উঠবে। মানুষকে ভালো কিছু করতে স্বপ্ন দেখাবে। এখান থেকেই নারীদের এ কার্যক্রম শুধু রংপুরে নয়, পুরো দেশে ছড়িয়ে দেওয়া হবে।