রংপুরে নারী ফুটবলারদের পাশে দাঁড়াল প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের নয়াপুকুরের ফুটবল একাডেমির শিক্ষার্থীরা l ফাইল ছবি
রংপুরের নয়াপুকুরের ফুটবল একাডেমির শিক্ষার্থীরা l ফাইল ছবি

রংপুরে সেই নারী ফুটবলারদের পাশে দাঁড়াল প্রথম আলো। নয়াপুকুর সাজানো বাগান ফুটবল একাডেমির খেলোয়াড়দের জার্সি, ফুটবল ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
গতকাল রোববার প্রথম আলোতে ‘রংপুরে নারী ফুটবলারদের গ্রাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর নয়াপুকুরের নারী ফুটবলারদের বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়। এরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রংপুরের নয়াপুকুরের নারী ফুটবলারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়।
আজ সোমবার বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে নয়াপুকুর সাজানো বাগান ফুটবল একাডেমির ২১ জন নারী খেলোয়াড়কে জার্সি কিনে দেওয়া হয়। কিনে দেওয়া হয় ফুটবল। গ্রামের হতদরিদ্র পরিবারের নারী ফুটবলারদের পুষ্টিকর খাবার পরিবেশন ও একাডেমি ভবন নির্মাণের জন্য আর্থিক ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম আলোর পক্ষ থেকে নগদ অর্থ একাডেমির ব্যবস্থাপকের হাতে তুলে দেন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সেরা ফুল হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গ্রামের নারী ফুটবলার, তাদের অভিভাবক ও গ্রামবাসীরা। 


একাডেমির ব্যবস্থাপক জাকির হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, প্রথম আলোয় খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে ফোন এসেছে। অনেকেই উৎসাহিত করেছেন। তিনি প্রথম আলো পত্রিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, ‘প্রথম আলো শুধু খবর পরিবেশনই নয়, আমাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।’

নারী ফুটবলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেখা আক্তার বলে, ‘প্রথম আলোয় খবর প্রকাশের পর অনেক জায়গা থেকে ফোন পেয়েছি। আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো খেলে গ্রামের মুখ উজ্জ্বল করতে চাই।’ ফুটবলার দশম শ্রেণির শিক্ষার্থী নিশরাত জাহান বলে, ‘আমাদের গ্রামের আপুদের মতো একদিন আমরাও দেশের বাইরে খেলব।’

অভিভাবক কৃষক মনজুল হক প্রথম আলো বলেন, ‘আগত (আগে) হামার এই গ্রামটাত কাও না আসলেও প্রথম আলোত খবর বেরায় অনেক মানুষ আইসেছে।’