রংপুরে নারী হত্যার দায়ে ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এক নারীকে হত্যার দায়ে তাঁর ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাহাড় কুমার গ্রামে ২০০৬ সালের ৯ মার্চ হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম আনজিলা খাতুন (৩০)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর ছোট ভাইয়ের নাম আবদুল মজিদ (২৭)। দণ্ডপ্রাপ্ত বাকি চারজন হলেন মোমিনুল হক (৩৫), আরিফুল ইসলাম (৩৫), এমদাদুল হক (৩০) ও আনারুল হক (৩৪)। তাঁদের বাড়ি একই গ্রামে। রায় ঘোষণার সময় পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আনজিলা খাতুনকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়। আনজিলার ছোট ভাই আবদুল মজিদের সহযোগিতায় তাঁকে হত্যা করে বাড়ির পাশের বাঁশখেতে ফেলে রাখা হয়। পরের দিন পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আনজিলার বড় ভাই আবদুল বাকী ছোট ভাই আবদুল মজিদসহ পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেন। গ্রেপ্তারের পর আবদুল মজিদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
একই বছরের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু আবদুল্লাহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।