রংপুরে নার্সদের বিক্ষোভ সমাবেশ
জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্সদের নিয়োগের দাবিতে রংপুরে গতকাল বৃহস্পতিবার নার্সরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রংপুর বিভাগীয় বেকার নার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বিভাগের আট জেলার নার্সরা উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টা অবস্থান করে সেখানে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে আয়োজক সংগঠনের বিভাগীয় সভাপতি শ্যামা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর আলম, নার্স পারভিন আকতার, লাবণী আকতার, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আরজিনা বেগম, রাজিয়া সুলতানা, দুলালী বেগম, সাকিলা বেগম প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা ডিপ্লোমা নার্স নিয়োগে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ বন্ধ করে সরাসরি জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার দাবি জানান।
আজ শুক্রবার একই দাবিতে সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।