রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর গত শনিবার রাতে নূর ইসলাম (৬০) নামের এক তামাক ব্যবসায়ীর অ্যাসিডে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে৷
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে গতকাল রোববার সকালে শরীফুল ইসলাম (২৭) নামের এক ধান ব্যবসায়ীকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। লক্ষ্মীপুরে অপহৃত ছেলে ও বাবার কাছে মুক্তিপণ না পেয়ে শনিবার রাতে তাঁদের একজনকে গুলি করে এবং আরেকজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা৷
পুলিশ ও পরিবারের লোকজন জানান, হারাগাছ কলেজ বাজার থেকে গত বৃহস্পতিবার দুপুরে বানুপাড়া এলাকার নূর ইসলাম নিখোঁজ হন৷ তিনি ব্যবসার কাজে ওই দিন সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজ বাজারে যান৷ পরে দুপুর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়৷ অনেক খোঁজাখঁুজির পরও তাঁর সন্ধান মেলেনি৷ শনিবার রাত আটটার দিকে এলাকাবাসী বানুপাড়ার ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে৷
নূর ইসলামের ছেলে নাজমুল হক বলেন, ‘বাবার সঙ্গে কারও শত্রুতা ছিল না৷ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই৷’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, নূর ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়েছে৷ অ্যাসিডে তাঁর মুখ ঝলসে দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে মামলা হয়েছে৷
নাটোরের বনপাড়া থেকে গতকাল সকালে লক্ষ্মীকোল বাজারের ধান ব্যবসায়ী শরীফুল ইসলামকে অপহরণ করা হয়৷ তিনি বড়াইগ্রাম উত্তর পাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। শরীফুলের চাচা শাহিনুর রহমান জানান, সকাল নয়টার দিকে ব্যবসার কাজে শরীফুল উপজেলার বনপাড়া বাজারে আসেন। এরপর ১০টার দিকে শরীফুলের মুঠোফোন থেকে তাঁকে ফোন দিয়ে একটি বিকাশ নম্বরে এক লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। একই সঙ্গে বিষয়টি প্রশাসন বা নেতাদের জানাতে নিষেধ করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘শরীফুল ইসলামকে অপহরণের খবর পেয়েছি৷ উদ্ধারের চেষ্টা চলছে।’
মুক্তিপণ না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সূত্র জানায়, শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বাসা থেকে সন্ত্রাসী নাছির তার বাহিনী নিয়ে চন্দ্রগঞ্জ বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রাজু ও তাঁর বাবা জসিম উদ্দিনকে অপহরণ করে পাশের দেওপাড়া গ্রামে নিয়ে যায়৷ সন্ত্রাসীরা তাঁদের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করে৷ তাঁদের পরিবারের লোকজন ৫০ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয়৷ খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ৷
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজুর পায়ে গুলি করে এবং তাঁর বাবাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা৷ পুলিশ ও স্থানীয়রা গতকাল সকালে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে৷
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ইকবাল হোসেন অপহরণ হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘গুলির বিষয়টি আমাদের জানা নেই৷’
চার হত্যাকাণ্ডে গ্রেপ্তার নেই: আওয়ামী লীগের তিন নেতা ও যুবদলের এক কর্মী খুনের ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ চারটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে দুটির৷ ১৮ মে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে গুলিতে ছাত্রলীগ নেতা আবু নোমান এবং যুবদল কর্মী মো. জাহাঙ্গীর নিহত হন৷ বুধবার রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷ বৃহস্পতিবার ভোরে রায়পুরের চরপাতা গ্রাম থেকে পৌর আওয়ামী লীগের নেতা আবদুল মজিদের লাশ উদ্ধার করে পুলিশ৷