রংপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের ১০ দিন পর গতকাল শুক্রবার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের ভুড়ারঘাট ফতেপুর এলাকা থেকে সবুজ চন্দ্র সরকার (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জুবলী রানী (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুড়ারঘাট ফতেপুর এলাকার আবাদি জমিতে লাশটি মাটি চাপা দিয়ে রাখা ছিল। সবুজ একই এলাকার ধীরেন চন্দ্র সরকারের ছেলে ও স্থানীয় ফতেপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুড়ারঘাট ফতেপুর এলাকার ধীরেন চন্দ্র সরকারের ছেলে সবুজ চন্দ্র গত ২৬ জুলাই সন্ধ্যার পর নিখোঁজ হয়। পরদিন তার বাবা কোতোয়ালি থানায় জিডি করেন। ঘটনার পর ওই একই এলাকার শংকর চন্দ্রসহ তাঁর পরিবারের সাত সদস্য গা ঢাকা দেন। গতকাল স্থানীয় ব্যক্তিদের কেউ পুলিশকে ফোন করে বলে, ভুড়ারঘাট ফতেপুর এলাকার একটি আবাদি জমিতে সবুজের লাশ পুঁতে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে বেলা দুইটার দিকে ওই জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল বলেন, সবুজের বাবার সঙ্গে শংকরের পরিবারের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে সবুজকে হত্যা করা হতে পারে। লাশের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সবুজের বাবা গতকাল থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় শংকরের মাজুবলীকে গ্রেপ্তার করা হয়েছে।