রংপুরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের খলিফাপাড়ায় গতকাল সোমবার বালুর স্তূপ থেকে হিমেল নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, শহরের খলিফাপাড়ার ব্যবসায়ী ভোলা মিয়ার ছেলে মর্নিং গ্লোরি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র হিমেল গত শুক্রবার নিখোঁজ হয়। এ ব্যাপারে ওই দিন রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল শিশুরা ভোলা মিয়ার বাড়ির পাশে খেলা করার সময় বালুর স্তূপের ভেতরে হিমেলের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হিমেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।গত আগস্টে ভোলা মিয়ার বাড়িতে একটি ঘর ভাড়া নেয় নওগাঁ সরকারি কলেজের ছাত্র মারুফ হোসেন ওরফে মানিক। হিমেলের লাশ উদ্ধারের পর মারুফ বাড়ি থেকে পালিয়ে যায়। তার ঘরের একটি বাক্স থেকে হিমেলের রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ। মর্নিং গ্লোরি কিন্ডারগার্টেনের পরিচালক এম এ বাশার এ খুনের রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে হিমেলের বাবা ভোলা মিয়া মারুফের বিরুদ্ধে মামলা করেছেন।