রংপুরে নিখোঁজ বিএনপি নেতার সন্ধান দাবি মুক্তিযোদ্ধা সংসদের

রংপুর মহানগর বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সন্ধান দুই দিনেও মিলেনি। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর সন্ধান দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
বিএনপি নেতার সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়ে গতকাল শনিবার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর স্বজনেরা দাবি করেছেন। কিন্তু পুলিশ ও র্যা বের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে। তাহলে কারা ধরে নিয়ে গেল? আমরা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর সন্ধান দাবি করছি।’
মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন বলেন, গতকাল (শুক্রবার) এবং আজও (শনিবার) সকালবেলা র্যা ব অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয়, তাঁরা তাঁর নিখোঁজ থাকার বিষয়টি জানেন না। তিনি আরও বলেন, ‘আজকের মধ্যে সন্ধান না মিললে আইনজীবীর সঙ্গে কথা বলে জিডি করব।’
মহানগর বিএনপির সহসভাপতি রেজেকা সুলতানা ফেন্সি ও সিরাজুল ইসলাম নিখোঁজ বিএনপি নেতার সন্ধান দাবি করেছেন।
এক প্রশ্নের জবাবে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। আর অভিযোগ না করলে আমরা কীভাবে বুঝব যে তিনি নিখোঁজ?’ ওসি আরও বলেন, বিএনপির নেতা মোজাফফরের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন।
র্যা ব-১৩ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’