রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের কলেজ রোডের খামার এলাকায় গতকাল রোববার দুপুরে নির্মাণাধীন একটি মসজিদের ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকেরা হলেন কেরানীরহাট এলাকার সাইফুল ইসলাম (৫০), মুশফিকুর রহমান (৩২); লালবাগ এলাকার গোলজার হোসেন (৩০), বাবু মিয়া (২৮) এবং হাজিরহাটের মানিক মিয়া (৩০), রবিউল ইসলাম (২০), রজব মিয়া (৩২)।
ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাফফর হোসেন বলেন, ঢালাই চলা অবস্থায় নির্মাণাধীন ছাদের নিচের বাঁশ সরে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় ছাদের নিচে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডের চিকিৎসক মোহাইমিন জিসান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে সাইফুল, মানিক ও রবিউলের অবস্থা আশঙ্কাজনক।