রংপুরে নির্মাণাধীন সেতুর কাছ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়কসেতুর অদূরে যন্ত্রের সাহায্যে বালু তোলা হচ্ছে। স্থানীয় দুই বালু ব্যবসায়ী এই অবৈধ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্ষাকালে সেতুটি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর সেতুর নির্মাণকাজ চলছে। সেতুটির দক্ষিণ দিকের ৫ নম্বর পিলারের প্রায় ২০০ গজ পশ্চিমে যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে ট্রলিতে করে এই বালু সরবরাহ করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহিপুর এলাকার খায়রুল আলম ও আবদুল জলিল নামের দুই ব্যক্তি এই বালু উত্তোলন করছেন। প্রতিদিন ২০-২৫টি ট্রলিতে বালু ভরে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। প্রতি ট্রলি বালু বিক্রি করা হয় ৫০০ থেকে ৭০০ টাকায়।
মুঠোফোনে জানতে চাইলে বালু ব্যবসায়ী খায়রুল আলম প্রথম আলোকে বলেন, অনুমতি নিয়েই বালু তুলছেন তিনি। তবে আবদুল জলিল বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘একটু পরে আপনাকে জানাচ্ছি কে বালু তুলছেন।’ এরপর তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি আর ফোন ধরেননি।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, সেতুর অদূরে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহাবুব উল আলম বলেন, যেকোনো স্থাপনার অদূরে বালু উত্তোলন অব্যাহত রাখলে একপর্যায়ে নদীতে ভাঙন দেখা দেয়। বিশেষ করে বর্ষা মৌসুমে ওই স্থাপনা ভাঙনের ঝুঁকির মুখে পড়ে। নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়কসেতুটির ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘ওই স্থানে গত বছর একাধিকবার বালু উত্তোলন বন্ধ করা হয়। যন্ত্রও জব্দ করা হয়। এবার নতুন করে বিষয়টি জানার পর আমরা সেখানে লোক পাঠিয়েছি। বালু উত্তোলন করা বন্ধ হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।