রংপুরে নিয়োগ পরীক্ষা স্থগিত করায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ঘোষণা ছাড়াই রংপুর জেলা প্রশাসকের দপ্তরে এমএলএসএসের ৮৪টি পদে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিবাদে গতকাল শুক্রবার ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবনের সামনে বিক্ষোভ করেন।জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল রংপুরের কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষায় সাত হাজার ৩০০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে জানতে পারেন অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন, পরে জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুব-উল আলম বলেন, পরীক্ষার তারিখ পরে জানানো হবে।