রংপুরে নয় দিনব্যাপী বইমেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বইমেলা-২০১৬ গতকাল শেষ হয়েছে। শেষ দিনে এ বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। টাউন হল চত্বরে সম্মিলিত লেখক সমাজ এ বইমেলার আয়োজন করে l ছবি: প্রথম আলো
রংপুর বইমেলা-২০১৬ গতকাল শেষ হয়েছে। শেষ দিনে এ বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। টাউন হল চত্বরে সম্মিলিত লেখক সমাজ এ বইমেলার আয়োজন করে l ছবি: প্রথম আলো

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ স্লোগানে রংপুরে আয়োজিত নয় দিনব্যাপী বইমেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। টাউন হল চত্বরে এ মেলার আয়োজন করেছিল স্থানীয় কবি-সাহিত্যিকদের সংগঠন সম্মিলিত লেখক সমাজ।
মেলার শেষ দিন গতকাল ছিল সাপ্তাহিক ছুটির দিন। তাই বিকেল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে বইপ্রেমীদের। মেলায় ১০টি স্টলের প্রতিটিতেই দেশবরেণ্য লেখকদের বইয়ের পাশাপাশি স্থানীয় কবি-সাহিত্যিকদের বইও ছিল উল্লেখযোগ্য।
শেষ দিন মেলা প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ট কবি শহীদুর রহমান বিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম।
এ ছাড়া আলোচনা করেন প্রবীণ সাহিত্যিক মোহাম্মদ আলীম উদ্দীন, সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সাহিত্যিক এম এ বাশার, আনোয়ারুল ইসলাম, জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মঞ্জিল মুরাদ, কবি রেজাউল করিম, এ টি এম মোরশেদ, বাদল রহমান প্রমুখ।
গতকাল আইডিয়া পাবলিকেশনের স্টলে কথা হয় কবি ব্রজগোপালের সঙ্গে। তিনি বলেন, স্থানীয় লেখকদের বই বিক্রির চাহিদা থাকায় বেশ ভালো লেগেছে।
শিশু-সন্তানকে নিয়ে মেলায় এসেছিলেন দিলারা রহমান। এই বইপ্রেমী বলেন, আরও বড় পরিসরে বইমেলার আয়োজন করা প্রয়োজন। প্রতিবছরই যেন এ মেলার আয়োজন করা হয়।
আইডিয়া পাবলিকেশনের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, বইপ্রেমীরা বই কিনেছেন। এর ফলে স্থানীয় লেখকেরা আরও অনেক উৎসাহিত হয়েছেন।
মেলার আয়োজক সংগঠনের সদস্য জাকির আহমেদ জানান, স্থানীয় লেখকদের বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের বইও বেশ বিক্রি হয়েছে।