রংপুরে পদ্ম হত্যা মামলার আসামি খুন
রংপুরের যুবদল নেতা মোশাররফ হোসেন ওরফে পদ্ম হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন (২৪) খুন হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ফরহাদের বাড়ি রংপুর শহরের মুন্সিপাড়া এলাকায়। পদ্ম হত্যা মামলায় ফরহাদের বড় ভাই ফুয়াদও আসামি। তবে ছয় মাস ধরে তিনি নিখোঁজ।
ফরহাদের মা ফেরদৌসি বেগম জানান, গতকাল ইফতারের সময় শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় ফরহাদকে একা পেয়ে কতিপয় দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথার পেছনে গুরুতম জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বগুড়ার মোকামতলায় ফরহাদ মারা যান।
২০১১ সালের ১ মে শহরের মুন্সিপাড়ায় খুন হন জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক পদ্ম। দুর্বৃত্তরা তাঁর দুই হাতের কবজি কেটে দিয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, হাসপাতালের ১৪ নম্বর সার্জিকেল ওয়ার্ডে ভর্তি ছিলেন ফরহাদ। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হলে তাঁকে আবারও রংপুর মেডিকেলে ফেরত আনা হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি বলেন, ফরহাদের বিরুদ্ধে পদ্ম হত্যাসহ একাধিক মামলা রয়েছে।