রংপুরে পরিবহন ধর্মঘট নিয়ে শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগ নেতা সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যার ঘটনায় মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের মুক্তির দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট নিয়ে শ্রমিক ইউনিয়নে অস্থিরতা বিরাজ করছে। আজ মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘট পালন করার কথা ছিল। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সাজিদ হত্যার ঘটনায় ১ নভেম্বর ঢাকার ধানমন্ডি থেকে এম এ মজিদ গ্রেপ্তার হন। এরপর ৩ নভেম্বর সংগঠনের সভার সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সহসাধারণ সম্পাদক হারুন-অর রশিদকে। ১১ নভেম্বর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী রংপুর শহর ও আশপাশ এলাকার শ্রমিক ইউনিয়নের ১৪টি শাখা কমিটি ভেঙে দেওয়া হয়। এতে শ্রমিকদের একটি পক্ষ সাধারণ সম্পাদক এম এ মজিদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার থেকে রংপুর বিভাগের আট জেলায় লাগাতার পরিবহন ধর্মঘট পালনের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে গত রোববার শহরের শাহিপাড়ায় প্রচার চালানোর সময় শ্রমিকদের আরেকটি পক্ষ মাইক ভাঙচুর করে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন-অর রশিদ বলেন, ‘এই ধর্মঘটে শ্রমিকদের কোনো সমর্থন নেই। বিচ্ছিন্নভাবে একটি পক্ষ ধর্মঘটের প্রচার চালালে সাধারণ শ্রমিকেরা তাতে বাধা দিয়েছে। হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা অযৌক্তিক।’ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, ‘এই ধর্মঘট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মানছে না। কে বা কারা এই ধর্মঘট আহ্বান করেছে তা জানি না।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ঘটনাটি স্পর্শকাতর, সবাইকে ভাবিয়ে তুলেছে। বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। গত ১৬ অক্টোবর শহরের ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খা গ্রামে সাজিদ খুন হন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এম এ মজিদ জেলহাজতে রয়েছেন।