রংপুরে পরিবহন ধর্মঘট ৭২ ঘণ্টা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ফেডারেশনের কার্যালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যা সাতটার দিকে রংপুর বিভাগীয় মোটর শ্রমিক ফেডারেশন ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ মোবাইল ফোনে এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এই সময়ে ধর্মঘট স্থগিত থাকবে। দাবি মেনে নেওয়া না হলে এর পর থেকে আবারও ধর্মঘট চলবে।’

এর আগে এম এ মজিদের বাড়িতে হামলার প্রতিবাদে আজ সকালে রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। বেলা ১১টার দিকে রংপুরের তাজহাট এলাকায় এম এ মজিদ সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা ইমরান মিয়া (২৫) ছুরিকাঘাতে আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। এ ঘটনার জেরে ইমরানের সমর্থকেরা এম এ মজিদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
এদিকে এম এ মজিদের এমন ঘোষণার পর রংপুর থেকে নতুন করে আর কোনো বাস ছেড়ে যায়নি। তবে যেসব বাস এ ঘোষণার আগে ছেড়ে এসেছে, সেগুলো গন্তব্যের উদ্দেশে যাচ্ছে।
সাধারণ সম্পাদকের ঘোষণার পর রংপুর শহরের কামারপাড়ায় ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সেখানের সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। সেখান থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়ছে না।