রংপুরে পরিবহন ধর্মঘটে দুর্ভোগ, বিকেলে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিকিৎসা নিতে রংপুর মেডিকোলোত যামো। বাসস্ট্যান্ডোত যাইয়া দেখি রংপুর যাওয়ার বাস বন্ধ। শেষমেশ দুই হাজার টাকাত ভ্যানগাড়ি ভাড়া করি হাসপাতালোত আসা নাগিল।’ নীলফামারীর জলঢাকা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আজিজুল ইসলাম গতকাল শনিবার ক্ষোভের সঙ্গে এ কথা বলেন। গতকাল সকাল ছয়টা থেকে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে রংপুর থেকে ২৬ জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হলেও তার আগে রংপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আজিজুলসহ অনেকেই চরম দুর্ভোগে পড়েন। সংশ্লিষ্টরা জানান, রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঢাকা বাস টার্মিনাল সংস্কারসহ পাঁচ দফা দাবি আদায়ে এই ধর্মঘট আহ্বান করা হয়।রংপুর হাসপাতালে গতকাল সরেজমিনে বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের চিত্র দেখা যায়। পূর্বঘোষণা ছাড়া আকস্মিক এই ধর্মঘটের কারণে কেউ ভ্যানগাড়িতে, কেউবা ব্যাটারিচালিত অটোরিকশায় হাসপাতালে এসেছেন। ঈদের আগে এই খরচ চালাতে অভাবী লোকজনদের ধারকর্জ করতে হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে মহির উদ্দিন ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে তাঁর শিশুকে নিয়ে হাসপাতালে এসেছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই ঈদের আগোত এমন করি বাস বন্ধ করিয়া জনগণোক জিম্মি করা ছাড়া আর কী হবার পারে?’ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল গুহ জানান, ধর্মঘটের কারণে আজ রোগীর চাপ কম। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৩০০ রোগী ভর্তি করা হয়। গতকাল ১০০ জনকে ভর্তি করা হয়েছে। বহির্বিভাগের চিকিৎসক আহসান হাবিব জানান, বিভিন্ন বহির্বিভাগে প্রতিদিন গড়ে পাঁচ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকে। শনিবার প্রায় ৬০০ রোগী চিকিৎসা নেয়। ধর্মঘটের কথা না জেনে অনেকেই ঢাকায় যাওয়ার জন্য শহরের কামারপাড়ায় অবস্থিত ঢাকা বাস টার্মিনালে আসে। বাস না পেয়ে দুর্ভোগে পড়ে তারা। একইভাবে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনেক যাত্রীর দুর্ভোগের চিত্র চোখে পড়ে। অনেকেই রিকশা ও ভ্যান ভাড়া করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।জেলা প্রশাসনের হস্তক্ষেপে গতকাল বিকেল চারটায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ জানান, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তিন ঘণ্টা বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বি এম এনামুল হক, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মশিউর রহমান প্রমুখ।