রংপুরে পাঁচ সংগঠনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে পৃথক পাঁচটি সংগঠন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে।সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনশন কর্মসূচিতে অংশ নেন আইনজীবী সমিতির সভাপতি আবদুল গণি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান, কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহমুদ হাসান ও ছাত্রলীগের নেতা তানভীরুজ্জামান। অনশন কর্মসূচি চলাকালে সমাবেশ থেকে ২৪ মে ‘১৫ মিনিটের রংপুর স্তব্ধ’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এদিকে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ প্রতিদিন পাড়া-মহল্লায় সভা-সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে। ৩০ মে কাচারিবাজারে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি রয়েছে। সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, এই একটি দাবিতে দল-মতনির্বিশেষে এখানকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে।সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম ইতিমধ্যে ‘১০ মিনিটের রংপুর স্তব্ধ’ কর্মসূচিসহ একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করেছে। সংগঠনটির আহ্বায়ক এস এম পিয়াল বলেন, ২৭ মে জাতীয় পার্টির ডাকা হরতালে সমর্থন দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় চলছে। রংপুর উন্নয়ন পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান ৩১ মের মধ্যে সিটি করপোরেশন ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনটি ইতিমধ্যে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি এককভাবে ২৭ মে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।গত বছরের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে। এক বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় রংপুরবাসী একাধিক সংগঠনের ব্যানারে আন্দোলনে নেমেছে।