রংপুরে পাঁচ হাজার শিক্ষক জানুয়ারির বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে রংপুরে ৩৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষক-কর্মচারী গত জানুয়ারির বেতন পাননি। শিক্ষকদের অভিযোগ, সোনালী ব্যাংকের কর্মকর্তাদের গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ঢাকা থেকে এমপিও আসেনি। বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাসুম হাসান জানান, জানুয়ারি মাসের বেতন তোলার নির্ধারিত শেষ দিন ছিল ১৮ ফেব্রুয়ারি। কিন্তু এই সময়ের মধ্যে জেলার ৪১৯টি বিদ্যালয়ের মধ্যে ৩৫০টি বিদ্যালয়ের এমপিও আসেনি। ফলে পাঁচ হাজার শিক্ষক-কর্মচারী বেতন তুলতে পারেননি। রংপুর সোনালী ব্যাংক সূত্র জানায়, তাদের প্রধান কার্যালয় থেকে এখন পর্যন্ত ওই সব বিদ্যালয়ের এমপিও আসেনি। সদর উপজেলার নগর মীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন অভিযোগ করেন, সোনালী ব্যাংকের অনিয়মের কারণে এ মাসে বেতন মিলছে না। রংপুর সোনালী ব্যাংক প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক অঞ্জন কুমার বসু বলেন, ঢাকা থেকে এমপিও না এলে তাঁদের কোনো করণীয় নেই। যাঁদের এসেছে, তাঁদের বেতন দেওয়া হয়েছে।