রংপুরে পাঁচজনসহ বিভিন্ন স্থানে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল ভোরে নৈশ কোচ উল্টে পাঁচজন নিহত হয়েছেন। গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার ফরিদপুর, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রংপুর: ঢাকা থেকে কুড়িগ্রামগামী মিতালী পরিবহনের একটি নৈশ কোচ গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা সেতুর কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন আবদুল জলিল (৩৪), আবদুল মান্নান (৪৩), মোনা মিয়া (২৯), ফুল চান মিয়া (৩২) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। রাজশাহী: গত রোববার রাত সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে রিকশায় করে রাজশাহীর সাহেববাজার থেকে বাবার বাড়িতে ফিরছিলেন সাবিহা কানিজ ওরফে টিনা (২৮)। নগরের রাজশাহী-নাটোর খরবনার মোড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাস পেছন দিক থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে টিনা রিকশা থেকে বাঁ পাশে ও তাঁর স্বামী প্রকৌশলী আবদুল্লাহ আল আরিফ ছিটকে ডান পাশে পড়ে যান। এ সময় বাসটি দ্রুত পালাতে গিয়ে টিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন টিনা। ফরিদপুর: গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়াতে একটি বাস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝালর মাঠ বাহারা গ্রামের শাহাদাত মুন্সীকে (৮৮) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল পৌনে ১০টার দিকে পুলিয়া বাসস্ট্যান্ডে ভাঙ্গার চান্দ্রা গ্রামের মদন পাল (৮০) রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে পড়ে নিহত হয়। চুয়াডাঙ্গা: মেয়ের শাশুড়ির মরদেহ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শামীমা আক্তার (৪৫)। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গত রোববার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়েঘটনাস্থলেই মারা যান তিনি।সিরাজগঞ্জ: ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান গতকাল বিকেলে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের চালক মাহবুবুর রহমান (৩০) নিহত হন। নিহতের বাড়ি গাইবান্ধায়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে গতকাল সকালে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে মহসিন হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা।