রংপুরে পিএসসির কার্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারি কর্মকমিশনের (পিএসসি) আঞ্চলিক কার্যালয় কিংবা কেন্দ্র না থাকায় পরীক্ষা দিতে যেতে হয় ঢাকা কিংবা অন্য কোনো স্থানে। অথচ রংপুর ছাড়া সব বিভাগে রয়েছে এ কার্যালয়।’ রংপুরে পিএসসির কার্যালয় না থাকায় ক্ষোভ প্রকাশ করে গতকাল সোমবার এসব কথা বলেন কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) পাস করা ছাত্রী লায়লা তাবাসসুম। এ সমস্যার কারণে লায়লার মতো হাজার হাজার শিক্ষার্থী প্রতিবছর ভোগান্তির শিকার হচ্ছেন। রংপুর বিভাগে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবিতে নতুন করে আন্দোলন করতে সম্প্রতি পিএসসির কার্যালয় স্থাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এ ছাড়া এই কমিটি স্বাক্ষরও সংগ্রহ করছে। কয়েকজন চাকরিপ্রার্থী জানান, রংপুর বিভাগের আট জেলায় ২১টি সরকারি কলেজ, দুটি বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি ছয়টি মেডিকেল কলেজ রয়েছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি কলেজ আছে ২৫০টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা ২০ থেকে ২২ হাজার শিক্ষার্থী প্রতিবছর বিসিএসসহ পিএসসির অধীনে অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশ নেন। অভিভাবক রমজান আলী বলেন, ‘বারবার রংপুরবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিভাগ হলেও কোনো লাভ হলো না।’ কলেজশিক্ষক এনায়েত হোসেন বলেন, ‘ঢাকা কিংবা রাজশাহীর ওপর চাপ কমাতে রংপুরে অবিলম্বে এ কার্যালয় স্থাপন করা প্রয়োজন।’ পিএসসির আঞ্চলিক কার্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির আহমেদ বলেন, এখানে এই কার্যালয় স্থাপন করা নিয়ে ইতিমধ্যে সমাজের বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।