রংপুরে পুলিশ কর্মকর্তার গুলিতে তরুণ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সহকারী পুলিশ সুপারের (এএসপি) ছোড়া গুলিতে সাইদুর রহমান (২৪) নামের এক তরুণ আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের কেরানীপাড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুরে এএসপি হুমায়ুন কবির গাড়িতে করে কেরানীপাড়ায় অবস্থিত পুলিশের সার্কেল-১ কার্যালয়ে যাচ্ছিলেন। বেলা একটার দিকে জেলা প্রশাসকের ভবনের সামনে কেরানীপাড়া সেতুর কাছে পৌঁছে কয়েকজন তরুণকে দেখে এএসপি গাড়ি থামান। তিনি গাড়ি থেকে নেমে ওই যুবকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা এএসপির ওপর চড়াও হন। এ সময় এএসপি একটি গুলি ছোড়েন। সাইদুর রহমানের পিঠে গুলিটি বিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে সাইদুরের অস্ত্রোপচার করা হয়। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
এএসপি হুমায়ুন কবির বলেন, ‘গাড়ি নিয়ে যাওয়ার সময় যুবকদের হাতে লাঠিসোঁটা দেখতে পাই। পরে গাড়ি থেকে নেমে বিষয়টি জানতে চাইলে তাঁরা আমার ওপর হামলা চালান। আত্মক্ষার জন্য একটি গুলি করলে এক যুবক আহত হন।’