রংপুরে পুলিশ সন্ত্রাসী সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত ও এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার নগরের চিকলিভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা ও খুনসহ একাধিক মামলার আসামি জয়নাল মির্জা তাঁর দলবল নিয়ে চিকলিভাটা এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকায় বিকেল চারটার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে ৮-১০টি ককটেল ছোড়ে এবং গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এ সময় জয়নাল মির্জার (২৬) বাঁ পায়ে দুটি গুলি লাগে। এ ছাড়া ককটেলের আঘাতে কোতোয়ালি থানার পুলিশ সদস্য আবদুল বারেক, শাহাবুদ্দিন, বাদল রহমান, শরিফুল ইসলাম ও আল আমিন আহত হন। ঘটনার পর সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে কোতোয়ালি থানার উপপরিদর্শক ফিরদৌস আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলা করেছেন।