রংপুরে পুলিশের টহল জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় রংপুরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তাদের আরও সতর্ক হতে বলা হয়েছে।
পুলিশের সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখত রংপুরে ১৫টি স্থানে অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। আজ তা বাড়িয়ে ২১টি করা হয়েছে। এ ছাড়াও পুলিশের সাতটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক টহলে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা দিতে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।
আজ বুধবার ঢাকার সাভারে দুর্বৃত্তদের গুলিতে পুলিশ সদস্য মারা যাওয়ার ঘটনায় রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশ সুপার জরুরি বৈঠক করেন। বৈঠকে পুলিশকে সতর্ক থেকে টহল কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন তিনি।
পুলিশের অস্থায়ী ক্যাম্পগুলোর উল্লেখযোগ্য হচ্ছে—শহরের বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল পূর্বগেট, সিও বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, জিলা স্কুল মোড়, শাপলা মোড়, পায়রা চত্বর, লালবাগ, পার্কের মোড়, মডার্ন মোড়, আদর্শপাড়া মোড়, ঢাকা বাস স্ট্যান্ড, কলেজ রোড, বুড়িরহাট রোড, হাজিরহাট, দমদমা।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নগরসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল থেকে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলবে। সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে। একই সঙ্গে পুলিশকে আরও সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে।