রংপুরে পুলিশের সঙ্গে শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষ
রংপুরে গতকাল বৃহস্পতিবার নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ওই সংগঠনের ১০ জন কর্মীকে আটক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে শহরের পৌর পার্ক নামের বিপণি বিতানের সামনে থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় পৌর পার্ক মার্কেট থেকে জেলা সুপার মার্কেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় সড়কের পাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। সংঘর্ষে পাঁচজন পুলিশ ও তিনজন সাংবাদিকসহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ২৫ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাত নয়টার দিকে এ রিপোর্ট লেখার সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হায়দার আলী মোল্লা জানান, ওই সংগঠনের নেতা-কর্মীদের মিছিল করতে নিষেধ করা সত্ত্বে তাঁরা তা অমান্য করেন। ঘটনাস্থল থেকে সংগঠনের ১০ জন কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: খায়রুল, ফেরদৌস, মাহফুজ, রিয়াদ, মোস্তাক মোস্তাফিজ, মোহসীন, গোলাম মোস্তাক ও আবুল হোসেন।