রংপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাহাত আলী (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার শুকুরেরহাট এলাকার ভেলুয়ার সেতুর কাছে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন।
নিহত রাহাত মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষ এলাকার মৃত শহিদুল্লার ছেলে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে রাহাতকে মিঠাপুকুরের শঠিবাড়ি বাজারের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন দিবাগত রাত চারটার দিকে তাঁকে নিয়ে উপজেলার ভেলুয়ার সেতুর কাছে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় রাহাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রাহাত মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, চারটি গুলি এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন এবং কনস্টেবল মোমিন আহত হয়েছেন।
ওসি হুমায়ুন কবীর জানান, নিহত রাহাতের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় পুলিশ হত্যা, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগে ১০টি মামলা রয়েছে। দুটি মামলায় তাঁর ছয় বছরের সাজাও হয়েছে। তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় মিঠাপুকুর থানার পরিদর্শক
(তদন্ত) মহিদুল ইসলাম বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
গতকাল সোমবার নিহত রাহাতের লাশ গ্রহণ করেছেন তাঁর চাচি আফরোজা বেগম ও ভাবি মিলি বেগম। বন্দুকযুদ্ধের বিষয়ে তাঁদের কাছে জানতে চাইলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।