রংপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দুটি আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই দুটি রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর বাতান গ্রামের কৃষক মিজানুর রহমান (৩৬) ও বদরগঞ্জ উপজেলার জামুরবাড়ি এলাকার হামিদুর রহমান। রায় ঘোষণার সময় মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, মিঠাপুকুর উপজেলার কাশিমপুর বাতান গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০০ সালের ১৯ নভেম্বর আবদুর রহমান খুন হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই শফিকুল ইসলাম ওই দিনই ৪১ জনকে অভিযুক্ত করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। ২০০১ সালের ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল হালিম ৪৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় গতকাল ৩৭ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড ও বাকি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচ ব্যক্তি হলেন নূরুল হক, নূর হোসেন, আতিয়ার রহমান, মোকসেদুল হক ও মনোয়ার হোসেন। তাঁদের বাড়ি কাশিমপুর বাতান গ্রাম।

অপর আদালতের এপিপি আকতারুজ্জামান পলাশ বলেন, ২০০৩ সালের ২৩ অক্টোবরে বদরগঞ্জ উপজেলার জামিরবাড়ি এলাকায় হামিদুল ইসলাম (৩০) তাঁর আগের ঘরের তিন বছরের শিশুসন্তান মিলন বাবুকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় মামলা করেন শিশুটির মা মঞ্জু আরা। হামিদুল ইসলামকে অভিযুক্ত করে ২০০৪ সালের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুস সবুর। ঘটনার পর থেকে আসামি হামিদুল পলাতক আছেন।