রংপুরে পৃথক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পৃথক দুটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দুটি আদালত।
আজ মঙ্গলবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান পৃথকভাবে এসব রায় দেন।
পৃথক দুটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর বাতান গ্রামের কৃষক মিজানুর রহমান (৩৬) ও অপরজন হলেন বদরগঞ্জ উপজেলার জামুরবাড়ি এলাকার হামিদুর রহমান। এই দুজনের মধ্যে দ্বিতীয়জন পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের সরকারি বিশেষ কৌশলী (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর বাতান এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০০ সালের ১৯ নভেম্বর ওই এলাকার আবদুর রহমান নামের এক ব্যক্তি খুন হন। এ খুনের ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ওই দিনই ৪১ জনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। পরের বছরের ২৫ মার্চ এই মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবদুল হালিম ৪৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালত আজ এ মামলায় মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড ও বাকি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৩৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়া পাঁচ ব্যক্তি হলেন নূরুল হক, নূর হোসেন, আতিয়ার রহমান, মোকসেদুল হক ও মনোয়ার হোসেন। তাঁদের সবার বাড়ি কাশিমপুর বাতান এলাকায়। তাঁদের বয়স ৩০-৩৫ বছরে মধ্যে।

অপর মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি আকতারুজ্জামান পলাশ জানান, ২০০৩ সালের ২৩ অক্টোবর বদরগঞ্জ উপজেলার জামিরবাড়ি এলাকায় আসামি হামিদুল ইসলাম (৩০) তাঁর আগের ঘরের তিন বছরের শিশুসন্তান মিলন বাবুকে শ্বাসরোধে হত্যা করে। এই হত্যা মামলার বাদী শিশুটির মা মঞ্জু আরা। এই মামলায় স্বামী হামিদুল ইসলামকে অভিযুক্ত করে ২০০৪ সালের ২০ মার্চ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবদুস সবুর। ঘটনার পর থেকে আসামি হামিদুল পলাতক ছিলেন।