রংপুরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনের সুবিধার্থে প্রতি বিভাগে ন্যূনতম একটি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-ডেমোনস্ট্রেটর সংকট নিরসন, ল্যাব আধুনিকায়ন ও পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহসহ ছয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়। শিক্ষার্থী প্রহ্লাদ রায়ের সভাপতিেত্ব বক্তব্য দেন শিক্ষার্থী সাকু মিয়া, হাবিবুর রহমান, মতিউর রহমান, উজ্জল রায় প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে ৪৯টি সরকারি ও ৪০০টির অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। ডিপ্লোমা প্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতা অর্জনে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের জন্য আগ্রহ ও প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনের জন্য রয়েছে একটিমাত্র প্রতিষ্ঠান ‘ডুয়েট’, যা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল। এ কারণে তাঁরা রংপুরসহ বিভাগীয় শহরে ন্যূনতম একটি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।